ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে দূতাবাস

ইরানে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে আছে বাংলাদেশ দূতাবাস। লকডাউনের কারনে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত হয়ে পড়ায়, ডরমিটরীতে বন্দী অবস্থায় দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস করে আসছেন এসব প্রবাসী শিক্ষার্থীরা।
পার্টটাইম কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় অর্থ ও খাদ্যসহ নানা সংকটে ভুগছিলেন তারা। এমতাবস্থায় খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে দূতাবাস তাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করেছে।
জানা যায়, শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী ইরানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল আর ইসলামী শিক্ষায় অধ্যয়নরত এসব শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুর পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন।
তেহরান দূতাবাসের কাউন্সিলর মোঃ সবুর হোসেন জানান, সম্প্রতি ইরানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং কর্মী মিলিয়ে, ৫ শতাধিক বাংলাদেশিকে সহায়তা দেয়া হয়েছে।



