লিবিয়ায় নিহতদের মধ্যে মাদারীপুরের ১৪ জন

অবৈধ পথে প্রবাসে পাড়ি জমানোর পথে লিবিয়ায় সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২৬ বাংলাদেশি। এদের মধ্যে মাদারীপুরের ১০ জন শনাক্ত হয়েছে। নিহতদের পরিবার লাশ ফিরে পেতে চাইলেও, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তা সম্ভব হয়নি। এদিকে নিহতদের পরিবারগুলো থানায় মামলা দায়ের করার পর, পুলিশ কয়েকজন দালালকে গ্রেফতার করেছে।
উন্নত জীবিকার সন্ধানে অবৈধ পথে প্রবাসে কাজ করতে গিয়ে সম্প্রতি উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার যুদ্ধকবলিত শহর মিজদায় ২৬ জন বাংলাদেশী মানবপাচারকারীদের গুলিতে মারা গেছেন। ঐ ঘটনায় ২৬ জন নিহত ছাড়াও আরো বেশকিছু বাংলাদেশি গুরুতর আহত হন।
তদন্তে জানা গেছে, নিহতদের মধ্যে মাদারীপুরের ২টি উপজেলার ১৪ জন রয়েছেন। এদের মধ্যে ১০ জন নিহত এবং ৪ জন আহত।বর্তমান করোনা পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকাসহ আরো বেশকিছু সীমাবদ্ধতার কারণে, মরদেহগুলো লিবিয়াতেই দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু গোলাগুলিতে নিহত এসব প্রবাসীদের পরিবারগুলো শেষবারের মতো তাদের সন্তানদের দেখতে চায়। দেশে এনে দাফন করতে চায় তাদের।
প্রবাসী পরিবারগুলোর পক্ষ থেকে অবৈধ অভিবাসনে উদ্বুদ্ধকারী দালালদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল হান্নান।
সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রবাসী পরিবারগুলোর পাশাপাশি এলাকাবাসীর দাবি, আহতদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা, আর খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ।
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি



