
দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১১ জনে। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯ জন। করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার (৫ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৪৫টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ।
এদিকে, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৪২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৬ লাখ ৯৮ হাজার ৩৭০ জনের শরীরে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৬০ হাজার ৬৫৪ জন। এদের মধ্যে ৩০ লাখ ৫ হাজার ১৯৪ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৫ হাজার ৪৬০ জনের অবস্থা গুরুতর।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন। এর মধ্যে বৃস্পতিবার শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন আটশোর বেশি মানুষ।



