লকডাউনে সৌদিতে আটকে পড়েছেন অসংখ্য বাংলাদেশি

সৌদি আরবে করোনার প্রাদুর্ভাবে লকডাউনে আটকে পড়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে অধ্যয়নরত শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য যাওয়া সাধারণ মানুষ। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ফিরতে পারছেন না তারা। এ অবস্থায় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
করোনা মহামারী সৌদি আরবে বিস্তারের প্রাথমিক অবস্থাতেই, ধাপে ধাপে গোটা দেশ লকডাউন করে দেয়া হয়। এতে আভ্যন্তরিন যোগাযোগ বন্ধের সাথে সাথে, আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ হওয়ায় বিপাকে পড়েন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিককরা।
এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য যাওয়া সাধারণ রোগিও রয়েছেন। অসুস্থদের মধ্যে রয়েছেন, প্যারালাইজড, হৃদরোগ, কিডনি সমস্যাসহ, মানসিক বিকারগ্রস্থ ব্যক্তিও।
এসব রোগীর চিকিৎসা সৌদি আরবে যেমন ব্যয়বহুল, তেমন নিকটাত্মীয় না থাকায়, তাদের সেবাশুশ্রুষাও দূরুহ ব্যাপার হয়ে উঠেছে। এ অবস্থায় তাদের পরিবহনের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ফ্লাইটের আবেদন জানিয়েছেন প্রবাসীরা।
মোহাম্মদ নাদিম, গত সাত মাস আগে ছুটি কাটিয়ে সৌদিতে যাওয়ার পর, দুই মাস যাবৎ প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন। ১৮ বছর আগে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন এই রেমিটেন্স যোদ্ধা। তিনি দাম্মামে আল হাজরি ওভারসিজ কোম্পানিতে ক্লিনারের কাজ করতেন।
অন্যদিকে, মোহাম্মদ ফারুক মিয়া নামে আরেক প্রবাসী মানসিক ভারসাম্যহীন হয়ে সৌদিতে রয়েছেন। তার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগরে।
গোলাম কিবরিয়া, সৌদি আরব



