জনসেবায় জাতিসংঘের সম্মাননা পেল ভূমি মন্ত্রণালয়

জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে একটি চিঠির মাধ্যমে এ পুরস্কারের কথা জানায়, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের আন্ডার সেক্রেটারি-জেনারেল লিউ ঝেনমিন।
‘ই-মিউটেশন’উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ “স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ” ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে ভূমি মন্ত্রণালয়। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে লেখা চিঠিতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, “জনস্বার্থে সেবার ক্ষেত্রে মন্ত্রণালয়টির অসামান্য অর্জন শ্রেষ্ঠত্বের দাবীদার।
প্রকৃতপক্ষে, এই কাজ জনসেবায় ব্রতী হতে অন্যান্যদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে”। পুরস্কার জয়ের এই চিঠি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ ধরনের সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগেরই ফসল।
অসামান্য এই অর্জনের জন্য ভূমি মন্ত্রণালয়কে অভিনন্দন জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। প্রতিবছর ২৩ জুন, যথাযোগ্য আনুষ্ঠানিকতার সাথে জাতিসংঘ দিবসটি উদযাপন করে। বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জাতিসংঘ এবারের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান স্থগিত করেছে।
তবে জাতিসংঘ এর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নমূখী প্রচার কার্যক্রমের মাধ্যমে, এই পুরস্কার বিজয়ের বিষয়টি তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করেছে।



