বিশ্ববাংলা

গ্রীসে সেবাদান শুরু করেছে বাংলাদেশ দূতাবাস

গ্রীসে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তাই বাংলাদেশ দূতাবাস আবার পূর্ণ উদ্যমে তাদের সেবা চালু করেছে। করোনা সচেতনতায় টেলিফোন এবং অনলাইনে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রবাসীদেরকে দূতাবাসে আসতে বলা হয়েছে।

এছাড়া ডাকযোগেও কনস্যুলার সেবা দেয়া হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি।

প্রাচীন সভ্যতা ও জ্ঞান বিজ্ঞান চর্চার পীঠস্থান গ্রীস, করোনা ভাইরাস প্রাদূর্ভাব শুরুর প্রথম দিক থেকেই স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত সতর্কতার সাথে এ ভাইরাস মোকাবেলা করেছে। তাই ইউরোপের অন্যান্য দেশের মতো গ্রীসকে মৃত্যুপুরীতে পরিণত করতে পারেনি করোনা। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলায় দ্রুত উন্নতি হয়েছে দেশটির করোনা পরিস্থিতির।

ভাইরাসটি প্রথম গ্রীসে প্রবেশ করে যে পরিমাণ ক্ষয়ক্ষতি আর জনমনে আতংক সৃষ্টি করেছিলো, এখন আর তা নেই। সবাই সরকারের বিধিনিষেধ মেনে সতর্ক থাকায় অল্পদিনেই দেশটি ফিরে পেয়েছে স্বাভাবিক গতিশীলতা। এমতাবস্থায় বাংলাদেশ দূতাবাসও পূর্ণ উদ্যমে তাদের সেবাদান শুরু করেছে।

এথেন্স থেকে ২৬৭ কিলোমিটার দূরে মানোলাদা এলাকায় আগামী ১৮ এবং ১৯ জুন পাসপোর্ট সংক্রান্ত সেবা দেয়া হবে। দেশটিতে করোনার প্রভাব কমে এলেও বাড়তি সতর্কতা হিসেবে প্রবাসীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে এবং টেলিফোন বা অনলাইনে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে দূতাবাসে আসতে বলা হয়েছে।

গ্রীসে অল্প সংখ্যক প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি এ ভাইরাসে মারা যাননি।

এদিকে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের হার প্রায় শূণ্যে নেমে এসেছে। অনেক প্রতিষ্ঠানে পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে। গ্রীসের জনজীবনে শীগগিরই স্বাভাবিকতা ফিরে আসবে এমন প্রত্যাশা বাংলাদেশি প্রবাসীদের।

জাকির হোসাইন, গ্রীস প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button