বাজেটে অসঙ্গতি থাকলেও বাস্তবায়নযোগ্য: অর্থমন্ত্রী

নতুন অর্থবছরে প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে কিছু অসঙ্গতি থাকলেও তা বাস্তবায়ন করার ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
প্রত্যাশা অনুযায়ী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। শুক্রবার বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরো জানান, করোনা মহামারির কারণে এবার ভিন্ন উপায়ে বাজেট করতে হয়েছে। প্রস্তাবিত বাজেটে কিছু অসঙ্গতি থাকলেও তা বাস্তবায়নে কোন সমস্যা হবে না বলে দাবি করেন অর্থমন্ত্রী।
এছাড়া, বাজেটে অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্য সেবার পরই গুরুত্ব দেয়া হয়েছে কৃষিখাতকে। রাজস্ব আদায় কঠিন হলেও পূর্ণাঙ্গ অটোমেশন করতে পারলে এক্ষেত্রে লক্ষ্য অর্জন সম্ভব বলে জানান তিনি। আর প্রত্যাশা অনুযায়ী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও দাবি করেন অর্থমন্ত্রী।
ব্যাংকিং খাতে তারল্য সংকট নেই দাবি করে বাজেটে বিনিয়োগের প্রধান বাধা উচ্চ সুদের হার নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান মুস্তফা কামাল।
হাকিম মোড়ল, বাংলাটিভি



