মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকদের ফেরত না পাঠানোর আশ্বাস: পররাষ্ট্রমন্ত্রী

করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে কয়েকটি দেশ শ্রমিকদের ফেরত না পাঠানোর আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া, মন্ত্রী আরো জানান, বাংলাদেশ থেকে ৪০ লাখ শ্রমিক নেবে সুদান, তাঞ্জানিয়া, গাম্বিয়া ও উগান্ডা। শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় ও অনুকুল পরিবেশ উল্লেখ করে অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মারিসে আন পেইনির ফোনে আলাপকালে তিনি এ আহবান জানান।
ড. মোমেন বলেন, এ অঞ্চলের যেকোন দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিদ্যমান। অন্য দেশ থেকে কোন কোম্পানি এদেশে বিনিয়োগ স্থানান্তর করতে চাইলেও বাংলাদেশ স্বাগত জানাবে। তিনি বলেন, বৈশ্বিক সমস্যা করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলদেশ সরকার দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশ ১০০টি অথনৈতিক অঞ্চল সৃষ্টি করছে যেখানে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবে, বাংলাদেশিদেরও কর্মসংস্থান হবে। এছাড়া বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক এবং বিপুল সংখ্যক তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহায়তা কামনা করেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গারা নিজ ভূমি মিয়ানমারে ফিরে গেলেই কেবল তাদের ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে। অনুকুল পরিবেশ সৃষ্টি করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন।



