বিশ্ববাংলা

বিশেষ প্রনোদনার দাবি কাতার প্রবাসীদের

২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে প্রবাসীদের কল্যাণে, কোনো সুনির্দিষ্ট ঘোষণা না থাকায়, হতাশা ব্যক্ত করেছেন প্রবাসীরা। সংশোধিত বাজেটে দেশে থাকা প্রবাসীর পরিবারগুলোর জন্য, বিশেষ প্রনোদনার দাবি জানিয়েছেন, কাতার প্রবাসীরা।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে থেমে আছে উৎপাদন ও বন্টন ব্যবস্থা। ফলে অর্থনৈতিক হুমকির মুখে, বিশ্বের প্রায় প্রতিটি দেশ। এমতাবস্থায় সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন, অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল।

৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার এই বাজেটে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য রাখা হয়েছে, মাত্র ৬৪১ কোটি টাকা। আর যারা দেশে ফিরে এসেছেন, তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে, ৫০০ কোটি টাকার ঋণ বিতরণের কথা বলা হয়েছে।

বাংলাদেশের অর্থনীতি যে কয়টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স তার মধ্যে অন্যতম। এই দুর্যোগকালীন সময়েও প্রবাসীরা, রেমিট্যান্স পাঠানো বন্ধ করেননি। অথচ, প্রবাসীদের জন্য এত অল্প বাজেট বরাদ্দ করায় অসন্তোষ  জানিয়েছেন কাতার ধানসিঁড়ি বিএনপির সহ-সভাপতি মোঃ ইউছুফ সিকদার।

প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা প্রবাসীরা এখন, নিজেরাই অনেক কষ্টে দিনযাপন করছেন, তাই আর আগের মতো দেশে রেমিট্যান্স পাঠাতে পারছেন না। এমতাবস্থায় তারা সরকারের পক্ষ থেকে, প্রবাসীদের জন্য আরো বেশী টাকার প্রনোদনা দেয়ার পাশাপাশি, সহজ শর্তে ঋণ দেয়ার আহবান জানান।

বিভিন্ন দেশে লকডাউনে আটকে পড়া প্রবাসীরা কাজ করতে না পারায়, বাংলাদেশের জাতীয় আয়ের ওপরে কিছুটা হলেও, মন্দ প্রভাব পড়তে শুরু করেছে। শীগগিরই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মানুষের কাছে পরাজিত হবে, এমন প্রত্যাশা কাতারের প্রবাসী বাংলাদেশীদের।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button