বেইজিংয়ে নতুন করে আরো ৩১ জন করোনায় আক্রান্ত

বেইজিংয়ে করোনাভাইরাসে নতুন করে আরো ৩১ জন আক্রান্ত হওয়ায় সব স্কুল বুধবার ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি পাইকারি খাদ্য বাজারের পাশের আবাসিক এলাকায় নতুন করে গুচ্ছ সংক্রমণ দেখা দেয়ায় তা রোধে কর্তৃপক্ষ পদক্ষেপ জোরদার করেছে।
চীনের অভ্যন্তরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আসলেও এক্ষেত্রে নতুন করে করোনার সংক্রমন দেখা দেয়ায় দেশটিতে দ্বিতীয় পর্যায়ে কোভিড-১৯ ভাইরাস বিস্তারের আশংকা করা হচ্ছে। গত সপ্তাহে রাজধানীতে এ ভাইরাসের গুচ্ছ সংক্রমণ শনাক্ত করা হয়। নগর কর্তৃপক্ষ মঙ্গলবার নগরীর ‘মধ্যম বা উচ্চ ঝুঁকিপূর্ণ’ বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এছাড়া রাজধানী ছাড়ার ক্ষেত্রে অন্য বাসিন্দাদের নিউক্লিক এসিড টেস্ট করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে সেখানে ফের সকল স্কুল বন্ধ ঘোষণা করে আবারো অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। লকডাউন তুলে নেয়ায় বেইজিংয়ের প্রায় সব স্কুল ইতোমধ্যে খুলে দেয়া হয়েছিল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বেইজিং নগরীর মুখপাত্র ঝু হেজিয়ান সতর্ক করে বলেন, ‘রাজধানীর মহামারি পরিস্থিতি অত্যন্ত নাজুক।’ নগর কর্মকর্তারা বেইজিংয়ের প্রায় ৩০টি আবাসিক এলাকা লকডাউন এবং তারা হাজার হাজার লোকের কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করেছে।নগরীর সকল ইনডোর স্পর্টস ও বিনোদন কেন্দ্র সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
চীনের আরো অনেক নগরী বেইজিং সফর করা থেকে বিরত থাকতে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে এবং জরুরি কারণে বেইজিং সফর করা ব্যক্তিদের কায়ারেন্টিনে থাকার কথা বলেছে।



