
দীর্ঘদিন পর দেশে ফিরেছেন এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। প্রায় ২২ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই অভিনেত্রী।এ উপলক্ষে রোববার বিকেলে বিএফডিসিতে অঞ্জু ঘোষকে বাংলাদেশ শিল্পী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বেদের মেয়ে জোসনা ছবির শাহজাদা আনোয়ার ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর,সাধারণ সম্পাদক জায়েদ খান,খল-অভিনেতা আহমেদ শরীফ,চিত্রনায়িকা অঞ্জনা,অভিনেতা সুব্রতসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।
অনুষ্ঠানে শিল্পী সমিতির পক্ষ থেকে অঞ্জুর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এসময় অঞ্জু ঘোষ বলেন,মাতৃভূমিতে পা রেখে মনে হচ্ছে তীর্থে পা রেখেছেন। এটা দেশ থেবে নিঃশ্বাস নিয়েই তিনি কলকাতায় এতদিন বেঁচে আছেন।
তিনি জানান সেখানে তার মা থাকায় দুইদিনের জন্য গিয়েছিলেন। আর বের হতে পারেন নি। এতো বছর পরও তাকে মনে রাখায় সবাইকে ধন্যবাদও দেন তিনি।



