
শ্যামবাজারের লঞ্চডুবির ঘটনা আপাত দৃষ্টিতে পরিকল্পিত বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তিনি, নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান।
এদিকে, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। এছাড়া রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের স্বজনদেরকে বিআইডব্লিউটিএর ০১৭১৬০২৬৭০৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ময়ুরী-২ নামের একটি লঞ্চের ধাক্কায় শ্যামবাজারের কাছে মাঝনদীতে ডুবে যায় মর্নিং বার্ড নামের লঞ্চটি।
লঞ্চটি মুন্সিগঞ্জের কাটপট্টি থেকে ঢাকার সদরঘাটে আসছিলো। নারী-পুরুষ শিশুসহ পঞ্চাশজনেরও বেশি যাত্রী ছিলো লঞ্চটিতে। অভিযুক্ত লঞ্চটিকে আটক করা হয়েছে, কিন্তু চালক পলাতক।



