
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার হলো। আর ডুবে যাওয়া মর্নিং বার্ডকে তীরে উঠিয়ে, উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। এদিকে, লঞ্চ দুর্ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করছে নৌ-পুলিশের পক্ষ থেকে। ঘাতক লঞ্চ ময়ূর-২ এর চালক, মালিকসহ ৭ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয় বুড়িগঙ্গা থেকে। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় উদ্ধার হলো মোট ৩৪ জনের মরদেহ।ডুবে যাওয়া ছোটলঞ্চ মর্নিং বার্ডকে এয়ার লিফ্টিং ব্যাগ দিয়ে ওপরে তোলা হয়। পাড়ে নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয় উদ্ধার অভিযান।
এর আগে লঞ্চডুবির ১৩ ঘন্টার নাগাদ, গতরাতে সুমন বেপারী নামে একজন জীবিত উদ্ধার হন। দুর্ঘটনা কবলিত হয়ে উল্টানো লঞ্চের তলায় জমা অক্সিজেন নিয়ে টিকে ছিলেন বলে তিনি দাবি করেন।
এদিকে, লঞ্চডুবির ঘটনায় নৌ পুলিশের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনকে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান।
অন্যদিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে আসা জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দেয়ায়, সোমবার রাত থেকে সেতুটির উপর দিয়ে সবধরণের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করায় মামলা করার কথাও জানায় সড়ক ও জনপদ বিভাগের পরিদর্শক দল।
এর আগে, সোমবার রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় বড় লঞ্চের ধাক্কায় ডুবে যায় অর্ধশতাধিক যাত্রীবাহি ছোটলঞ্চ মর্নিং বার্ড।
হাকিম মোড়ল, বাংলাটিভি



