কমছে যমুনার পানি, বেড়েছে আত্রাই নদীতে

দেশে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি। যমুনার পানি কমছে, তবে বেড়েছে আত্রাই নদীর।
নওগাঁর আত্রাই নদীর কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ও মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে, সিরাজগঞ্জে ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদী। মানিকগঞ্জে আরিচা পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে নদ-নদীর পানি বাড়ছে ভাটির দিকে, দেখা দিয়েছে ভাঙন।
এছাড়া, চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন যাবত পদ্মা মেঘনা ত্রি-নদীর মোহনায় পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
অপরদিকে, পদ্মা নদীর পানি বাড়ার কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলার দক্ষিন মেদেনি মন্ডল ও লৌহজং তেউটিয়া ইউনিয়েনের বেশ কিছু নিম্নাঞ্চলের বসবাসরত কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। হঠাৎ করে পানিবন্দী হওয়ায় বিভিন্ন স্থানে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।



