প্রধানমন্ত্রীবাংলাদেশ

স্বাস্থ্যবিধি মানলে করোনা মোকাবিলা আরও সহজ হতো: প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণকালে সরকার মানুষকে রক্ষা করা ও মৃত্যুহার কমানোর কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। দুর্ভাগ্য, করোনাভাইরাস সবকিছু স্থবির করে দিয়েছে। এটা অত্যন্ত কষ্টকর ও দুঃখজনক। তবে আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব মানুষকে রক্ষা করা এবং মৃত্যুহার কমানোর।

সেদিকে লক্ষ রেখে আমরা পরিকল্পনা করেছি। পদক্ষেপ নিয়েছি। তার সুফল মানুষ পাচ্ছে। দেশের মানুষ আরও সচেতন হলে, স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চললে করোনা মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া যেতো।’

করোনা সংক্রমণকালের বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি। উন্নয়ন বাজেট আমরা দিয়েছি দুই লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকার। আমি জানি হয়তো করোনার কারণে সবটুকু আমরা অর্জন করতে পারবো কি পারবো না এটা নিয়ে প্রশ্ন আছে। অনেকে সেই প্রশ্ন তুলেছেন। বাজেট বক্তৃতায় এটা নিয়ে বিস্তারিত বলতে চাই না। এটা বলবো, আমরা আশাবাদী।’

সংশ্লিষ্ট খবর

Back to top button