
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি যে সুপারিশ করবে,সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
শুক্রবার রাজধানীতে নিজ বাসভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যে সুপারিশ করবে,সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
উল্লেখ যে,গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ ।
সিনহা হত্যার বিচার চেয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি কক্সবাজার র্যাব-১৫-কে তদন্তের দায়িত্ব দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে মামলা অগ্রগতির প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার হত্যা মামলার প্রধান আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলী,টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এ ছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া,পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন,আবদুল্লাহ আল মামুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাটিভি/শহীদ



