আন্তর্জাতিকএশিয়া

পুরো মন্ত্রিসভা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার সকালে দেশটির রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোমবার দেওয়া এক পোস্টে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার বিজ্ঞানমন্ত্রী খাইরি জামালউদ্দিন। এর আগে সোমবার সকালে মালয়েশিয়ার রাজার বাসভবনে প্রবশ করেছিলেন ইয়াসিন। এরপরই সেখানে তিনি রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর পরবর্তী সরকার কে গঠন করবেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। কারণ, কোনও আইনপ্রণেতারই পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। এছাড়া চলমান করোনা মহামারির মধ্যে মালয়েশিয়ায় নতুন করে নির্বাচন আয়োজন করা হবে কি না, সেটিও পরিষ্কার নয়।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি।

সম্প্রতি তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়।

এদিকে, করোনা মহামরি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।

বাংলাটিভি/এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button