কয়েকটি সমাবেশ করেই বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে: ওবায়দুল কাদের

কয়েকটি সমাবেশ করেই বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের দু:সাহস করছে বিএনপি।
আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে খিলগাঁও থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দুই তিনটা সমাবেশ করেই বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। ডিসেম্বরে রাজপথেই খেলা হবে। ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে বিএনপি, তাই তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা করে লাভ নেই তাদের।
বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে তিনি বলেন, ভারত আমেরিকা তাদের ক্ষমতার চেয়ারে বসাতে পারবে না।ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটেই আসতে হবে।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা দলটাকে বাঁচান। টাকাপয়সার লেনদেন এগুলো বন্ধ করেন। কমিটি করতে টাকা লাগবে, এটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ এ চর্চা করতে পারে না। টাকা পয়সা নিয়ে মনোনয়ন এ চর্চা চিরতরে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ। এ সময় তিনি নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, একজন আরেকজনের বিরুদ্ধে গিবত বন্ধ করার আহ্বান জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা জানি,আপনারা কিছু কষ্টে আছেন। জিনিসপত্রের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, মানুষের কষ্টও বেড়েছে। গরিব মানুষের কষ্ট, নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট, আমরা বুঝি, শেখ হাসিনা বোঝেন। প্রধানমন্ত্রীর রাতের ঘুম হারাম হয়ে যায় আপনাদের কষ্টের কথা ভেবে। এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, টাকা পয়সার লোভ দলীয় সভাপতির নেই। বঙ্গবন্ধু পরিবারের নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও বঙ্গবন্ধু পরিবারের সততা-সাহস থেকে শিক্ষা নিতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণকে বলি, একটু ধৈর্য ধরুন। আপনারা কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না। আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন।
বাংলা টিভি/অজিত



