রাজনীতি

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

বাংলা টিভি ডেস্ক: শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের যথাযথ পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না। জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টদের কেউ অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার দায় সরকারকেই নিতে হবে। এটি সরকারের গোয়েন্দা কার্যক্রমের দুর্বলতারই পরিচয়। তাঁর অভিযোগ, বিরোধী দলকে দমনের কাজে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। অথচ দেশের শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তি, যারা জনগণকে হত্যার পর ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। তবে জনগণের আস্থা ছাড়া কোনো আন্দোলন দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাঁর দাবি, বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে।

এ সময় এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, এক দিনের ব্যবধানে আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলা বাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের জবাব রাজপথেই দিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button