এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক: ওবায়দুল কাদের

এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক বিভাগের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় সেতুমন্ত্রী বলেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের সড়ক বিভাগের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক। ইতোমধ্যে আমাদের পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। এই সেতুর সুফল শুধু ২১টি জেলার মানুষ নয়, সারা বাংলাদেশ পাচ্ছে। এরপর প্রধানমন্ত্রী একদিনে জাতিকে উপহার দিয়েছে শত সেতু।
তিনি বলেন, কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণাংশের টিউবের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২৬ নভেম্বর সেটির পরিদর্শন। আশা করছি, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ টানেলের উদ্বোধন করতে পারবো।
বাংলা টিভি/অজিত



