মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা ঠিক হয়নি: তথ্যমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কের বাসায় যাওয়ার পরামর্শ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিতর্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। বিদেশি রাষ্ট্রদূতরাও অনেক সময় সেখানে শ্রদ্ধা জানান। মার্কিন রাষ্ট্রদূত যদি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যেতেন, তাহলে অনেক ভালো হতো। এর মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে যে কষ্ট ও ত্যাগ করতে হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানানো হতো।
তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের উন্নয়ন অভিযাত্রায় তাদের বিরাট ভূমিকা রয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত উষ্ণ। আমি মনে করি এ ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। মার্কিন রাষ্ট্রদূতকে আমি অনুরোধ করব, তাকে যদি কেউ ভুল পরামর্শ দেন তিনি যেনো সে বিষয়ে সতর্ক থাকেন।
তিনি বলেন, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের উন্নয়ন অভিযাত্রায় তাদেরও বিরাট ভূমিকা আছে। তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ।
মন্ত্রী বলেন, আমি মনে করি, এ ঘটনায় সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। মার্কিন দূতকে আমি অনুরোধ করবো, তাকে যদি কেউ ভুল পরামর্শ দেয়, তাকে যদি এভাবে একপেশে করে তোলার চেষ্টা করে; সেটির বিষয়ে সতর্ক থাকার অনুরোধ তাকে জানাবো।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কি করবেন সেটি তারা বলতেই পারেন। এটি বলা কোনো অপরাধ না। তবে বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেশ পরিচালনার দায়িত্ব দেবে না।



