বিএনপি দেশে অশান্তি সৃষ্টির জন্যই সভা-সমাবেশ করছে: তথ্যমন্ত্রী

বিএনপির রাজনীতি জনমুখী নয়, বিদেশিমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা (বিএনপি) রাতের অন্ধকারে বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যাওয়া, তাদের পদলেহন করার নীতি গ্রহণ করেছে। তবে এসব করে কোনো লাভ হয়নি, সেটি তারা বুঝেছে।
সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে মোনায়েম সরকার সম্পাদিত আবদুল গাফফার চৌধুরী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের পথ থেকে বের হয়নি, সেটির বহিঃপ্রকাশ তারা চট্টগ্রামে দেখিয়েছে। ঢাকায় খন্দকার মোশাররফ হোসেন বলছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান। আর অপরদিকে চট্টগ্রামে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা হচ্ছে, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ।
ড. হাছান বলেন, আমরা বারবার বলে আসছি, বিএনপি দেশে অশান্তি সৃষ্টির জন্যই সভা-সমাবেশ করছে। সেই সমাবেশের নামে যেহেতু তারা আবার অগ্নিসংযোগ শুরু করেছে, পুলিশের ওপর হামলা করছে এবং সে কারণে জনজীবন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই ভবিষ্যতে তাদের সমাবেশের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। তারা সমাবেশের কথা বলে আবার কি করে সেটি নিয়েও ভাবতে হবে। সিদ্ধান্ত নিতে হবে।



