আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সুদানে এই বিক্ষোভের শুরু মূলত রুটির দাম বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে। প্রথমে রাজধানীর বাইরে শুরু হলেও ক্রমেই তা খার্তুমে ছড়িয়ে পড়ে।
রুটির দাম ছিল ২ সেন্ট। সুদানের সরকার তার দাম বৃদ্ধি করে ৬ সেন্ট করেছে। বুধবার থেকে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। এসব বিক্ষোভে পুলিশের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন।
সরকারের তরফে ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবরকে ‘বিশ্বাসযোগ্য’ আখ্যা দিয়েছে।
বাংলাটিভি/রাজু



