বাংলাদেশ

আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার পর থেকে পেজটি আর দেখা যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেল ৪টা ২৬ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তি দেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক। তিনি জানান, ধারাবাহিক সাইবার হামলার কারণে মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এনামুল হক বলেন, “গত কয়েকদিন ধরে মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কর্তৃপক্ষ পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।”

তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজ করেছে। তবে ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না।”

এনামুল হক জানান, পেজটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখতে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, “আজ আনুমানিক দুপুর ২টার দিকে আমাদের এমপি প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ অপসারণ করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আমরা পেজটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button