রাজনীতি

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং ঢাকা–১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, যেভাবে ৫ আগস্ট সফল করা হয়েছে, সেভাবেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনও সফল করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত এনসিপির এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আশাবাদ প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি তারা বিজয় নিয়েই ঘরে ফিরবেন।

ঢাকা–১১ আসনের অবকাঠামোগত সংকট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতালের অভাব রয়েছে। সরকারি হাসপাতাল কিংবা সরকারি উচ্চ বিদ্যালয় নেই বললেই চলে। মাত্র ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা, বাকি অংশ অপরিকল্পিত নর্দমা ও ভরাট হয়ে যাওয়া খালের ওপর নির্ভরশীল। রামপুরা ও শাহজাদপুর খালসহ এলাকার একাধিক খাল দখল ও ভরাটের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ভেঙে পড়েছে।

ঢাকা–১১ আসনের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পেছনে রাজনৈতিক কারণ দায়ী উল্লেখ করে তিনি বলেন, ভূমিদস্যুতাই এ সমস্যার মূল কারণ। শত শত খাসজমি ও জলাশয় দখল করে ভরাট করা হয়েছে, এতে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

এ সময় তিনি অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। যেসব মানুষ ভূমি হারিয়েছেন, তাদের জমি ফিরিয়ে দেওয়া হবে, আর সম্ভব না হলে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা–১১ থেকে স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তারা শুধু ঢাকা–১১ আসনেই নয়, সারা দেশেই বিজয়ের ব্যাপারে আশাবাদী। তাঁর ভাষায়, ১১ দলীয় ঐক্যজোটই ভবিষ্যৎ সরকার গঠনের জোট এবং আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি। তিনি দেশব্যাপী জোটপ্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে তিনি বলেন, একটি রাজনৈতিক শক্তি বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে, যা প্রতিহত করতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশকে দখলদারত্ব, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র পাহারা দিতে তরুণ সমাজ প্রস্তুত রয়েছে। তাঁর মতে, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে, তাই এই নির্বাচনকে সফল করতেই হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button