রাজনীতি

রাজাকার বলায় হাসিনার পতন হয়েছিল: মিতু

বরগুনা–২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেন, রাজনৈতিক ভাষা ও বক্তব্যের কারণেই অতীতে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেন, ‘রাজাকার বলার কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, একইভাবে গুপ্ত বলার ফলেও পতন অনিবার্য।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু অভিযোগ করেন, বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে নারী নির্যাতন ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে তিনি এক ধরনের সংগ্রামের সময় হিসেবে দেখছেন, যেখানে নারীরাও সক্রিয় ভূমিকা পালন করছে। ইতিহাসে বিভিন্ন সংকটকালে নারীদের অংশগ্রহণের উদাহরণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, খুন, চাঁদাবাজি কিংবা নারী নির্যাতনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে তারা রাষ্ট্রক্ষমতায় দেখতে চান না। একই সঙ্গে টেন্ডারবাজদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা জানান তিনি।

এ সময় তিনি বরগুনা–২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর। তিনি বলেন, জামায়াত কোনো ধরনের হুমকিকে ভয় পায় না। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করার অনুরোধ জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button