নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে ইসির সামনে বিক্ষোভ

কর্মজীবী নারীদের প্রতি অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে নারীর মর্যাদা রক্ষা জোট রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বিক্ষোভে অংশ নেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ নারী নেতারা। তারা প্রতিবাদে স্লোগান দেয়, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দাবি করে এবং বক্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের অনুরোধ জানান। পরে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে নারীদের বাইরে কাজ করা বা নেতৃত্ব গ্রহণ ইসলামসম্মত নয় বলে দাবি করা হয়, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
জামায়াত দাবি করেছে, হ্যাকের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে পোস্টটি দেওয়া হয়েছে। দলের প্রচার ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমান উভয়ই পোস্টটি নিজের নয় বলে দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে জড়িত থাকার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়, তবে পরে তিনি জামিন পান।



