পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কিনতে চায় বাংলাদেশ

বাংলাদেশ পাকিস্তান থেকে মালবাহী ট্রেনের ওয়াগন ও বগি কেনার আগ্রহ প্রকাশ করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগন ও অন্যান্য নির্মাণ কার্যক্রম সরেজমিনে দেখেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান।
ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রতিনিধি দলকে ওয়ার্কশপের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং রেলওয়ের চলমান প্রজেক্ট সম্পর্কে অবহিত করেন। এরপর তাদের লোকোমোটিভ ও ইঞ্জিন ওয়ার্কশপও দেখানো হয়।
পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। খালিলি বলেন, বাংলাদেশের রেলওয়েতে বিশেষজ্ঞ দল পাকিস্তান সফরে আসবে এবং প্রযুক্তিগত বিস্তারিত তথ্য জানবে।
পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে সহযোগিতা উভয়ের জন্যই লাভজনক হবে।



