সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সংস্কারের বিকল্প নেই। যারা সত্যিকারের উন্নয়ন ও সংস্কার চায়, তাদের ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের সংকল্প দেখাতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনি পথসভায় তিনি বলেন, অতীতের খারাপ নেতৃত্ব রাষ্ট্রকে দুর্বল করেছে। এখন নতুন সরকারকে দায়িত্ব দিয়ে এটি মেরামত করতে হবে। গণভোটের মাধ্যমে বোঝা যাবে কে দেশ সংস্কারের পাশে এবং কে নয়।
ফখরুল আরও বলেন, নির্বাচিত হলে প্রথমে ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, এনজিও থেকে নেওয়া মায়ের ঋণও মকুফ করা হবে। এছাড়া এক কোটি বেকারের জন্য দেড় বছরের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি ধর্মীয় সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, “এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই সমান নাগরিক। সাহসের সঙ্গে নিজের অধিকার আদায়ে দাঁড়ান। বিএনপি অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
পথসভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশাল উপস্থিতি ছিল।



