রাজনীতি

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

‘সবার আগে দেশ’—এই নীতিতে অটল থেকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

রোববার বিকেলে পল্লবীর লাল মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা হবে। দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হকের পক্ষে আয়োজিত এই জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি পল্লবীতে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণাও দেন তিনি।

তিনি আরও বলেন, চাকরির উদ্দেশ্যে বিদেশ যেতে আগ্রহীদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। দেশজুড়ে খাল খননের মাধ্যমে পানির সমস্যা সমাধান করা হবে এবং ঢাকায় জলাবদ্ধতা দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচি চালু করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে ঢাকায় পথসভা ও জনসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button