ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে প্রতিমন্ত্রী আমিনুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তা চ্যালেঞ্জ করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার দাবি জানিয়ে তিনি হাইকোর্টে আবেদন করেছেন।
বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল হক এই আইনি পদক্ষেপ নিয়েছেন। এর আগে একই ধরনের অভিযোগ এনে ঢাকা–৬ ও ৭, রাজশাহী–১ ও ৪, পাবনা–৪ এবং রংপুর–৪ ও ৬-সহ ১৫টিরও বেশি আসনের বিভিন্ন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।
এসব আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচনে ব্যবহৃত সব ধরনের সরঞ্জাম ও নথিপত্র সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই বিধান অনুসারেই প্রধান বিচারপতি একটি একক বেঞ্চ গঠন করে দিয়েছেন।
হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চটি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (যা ২০০১ সালে সংশোধিত) অনুযায়ী দায়ের করা আবেদন গ্রহণ, রুল জারি এবং সংশ্লিষ্ট আইনি কার্যক্রম পরিচালনা করবে।
জানা গেছে, আগামী এপ্রিল ও মে মাসে বিভিন্ন তারিখে এসব আবেদনের ওপর ধারাবাহিক শুনানি অনুষ্ঠিত হবে। আমিনুল হকের আবেদনটিও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।



