বাংলাদেশ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় শেফার্ড গ্রুপ (জিন্স) লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাস এবং বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা তারা মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং বাৎসরিক ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষের কোন স্পষ্ট প্রতিশ্রুতি না থাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধে বাধ্য হন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কারখানার সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, “সামনে ঈদ, আমাদের পরিবারে খরচ আছে, কিন্তু বেতন–বোনাস এখনও পাইনি। কবে দেওয়া হবে, কেউ জানাচ্ছে না।”

মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর শেফার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানিয়েছেন, আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এরপর শ্রমিকরা মহাসড়ক থেকে সরেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং রোজার দিনে যানজট কমাতে শ্রমিকদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ করা হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি একই দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় আবারও আন্দোলনে নামেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button