রাজনীতিজামায়াত

‘দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি’

সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন। তার ভাষায়, “সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।”

তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার চাইলে অনেক কিছু করতে পারে। তবে সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নিলে তা দেশের জন্য বেশি কল্যাণকর হবে।

জামায়াত আমির দাবি করেন, বাংলাদেশ দুবার স্বাধীন হলেও সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল পায়নি। তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা অঙ্গীকার অনুযায়ী দুটি শপথ নিয়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো সরকার এখনও শপথ নেয়নি।”

তিনি জুলাইয়ের ঘটনাকে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে শপথ নেওয়ার আহ্বান জানান। তার মতে, তা না হলে জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হবে না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদের অভিভাবক হিসেবে স্পিকারের কাছে তাদের প্রত্যাশা—তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে তাদের প্রাপ্য সুযোগ দেবেন।

এছাড়া তিনি বলেন, জুলাই প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন চান তারা। বিরোধী দলের প্রাপ্য অধিকার নিশ্চিত হলে তাতেই সন্তুষ্ট থাকবেন। রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তাদের অবস্থান সময়মতো জাতির সামনে তুলে ধরা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button