স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

জাতীয় সংসদে শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ত্রয়োদশ সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো—যাদের বিরুদ্ধে গত ১৫ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, তারা এই সংসদে নেই। তিনি বলেন, এই জায়গায় গণতন্ত্রকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং শহীদদের প্রতি সম্মান দেখিয়ে এই সংসদ পরিচালনা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংসদে সবাই গণতন্ত্রের চর্চা বজায় রাখবেন।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়ার সাহস ও দৃঢ়তা তিনি কাছ থেকে দেখেছেন। তার মতে, জীবিত অবস্থার চেয়েও এখন তিনি মানুষের কাছে আরও শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন। তিনি বলেন, দেশনেত্রীর এই আত্মত্যাগ যেন কোনোভাবেই খাটো করে দেখা না হয়—সেটিই সবার মনে রাখা উচিত।



