বাংলাদেশ

সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ীই রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন এবং এখানে “সংস্কার পরিষদ” নামে আলাদা কোনো কাঠামোর অস্তিত্ব নেই। তিনি বলেন, যদি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হয়, তাহলে তার আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ–এর প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে গত বৃহস্পতিবার নতুন সংসদের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা রয়েছে। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়া হবে।

এদিকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাব পাওয়া গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button