জেল জীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম তারকা হিরো আলম নতুন উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি নিজের কারাবন্দি জীবনের অভিজ্ঞতা ভিত্তিক একটি ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করছেন। জানা গেছে, তিনি ২১ দিন কারাগারে থাকার অজানা নানা অভিজ্ঞতা সিরিজে তুলে ধরবেন।
সাক্ষাৎকারে হিরো আলম জানান, জেলে কাটানো সময়টি তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। তিনি কারাগারের ভেতরের বাস্তবতা, বন্দিদের দৈনন্দিন জীবন এবং কঠোর নিয়মকানুন ঘনিষ্ঠভাবে দেখেছেন। ওয়েব সিরিজের মাধ্যমে তিনি দর্শকদের সামনে এই অভিজ্ঞতাগুলো তুলে ধরতে চান।
তিনি বলেন, “বাইরে থেকে সাধারণ মানুষ কারাগারের ভেতরের জীবন সম্পর্কে খুব কমই জানেন। কিন্তু ভেতরে গেলে বোঝা যায় প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। বন্দিদের দিন-রাতের রুটিন, সংগ্রাম, নিরাপত্তা ব্যবস্থা এবং রাতের পরিবেশ—এসব বিষয় সিরিজে থাকবে।”
ওয়েব সিরিজে শুধু তার নিজের অভিজ্ঞতিই নয়, জেলের ভেতরে দেখা বিভিন্ন চরিত্র ও ঘটনার প্রতিফলনও দেখানো হবে। গল্প এবং চিত্রনাট্য বাস্তবের কাছাকাছি রেখে দর্শকরা একটি বন্দির ২৪ ঘণ্টার জীবনযাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
হিরো আলম জানিয়েছেন, নির্মাতা হিসেবে তিনি মূলত বাস্তব ঘটনাকে প্রাধান্য দেবেন। একজন বন্দির দিন কীভাবে শুরু হয় এবং শেষ হয়—সেই চিত্রই সিরিজে ফুটে উঠবে।
শিগগিরই ওয়েব সিরিজটির প্রি-প্রোডাকশন শুরু হবে। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ে নিজেই যুক্ত থাকবেন হিরো আলম। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।



