দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি পারাপারে যাত্রীদের স্বস্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে যাত্রীচাপ ধীরে ধীরে বাড়ছে। বুধবার (১৮ মার্চ) সকালে লঞ্চঘাট দিয়ে যাতায়াত করা যাত্রীরা জানান, নতুন সরকারের আমলে তারা কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকা থেকে বাড়ি ফিরতে পারছেন।
ঘাট সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে-পরে যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এ কারণে বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। সাতটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট সচল রয়েছে। তবে নদীর পানির স্তর কমে যাওয়ায় পল্টনের সঙ্গে সংযোগ সড়ক উঁচু হয়ে গেছে, ফলে যানবাহন ওঠানামায় কিছুটা সমস্যা হচ্ছে।
যাত্রীরা বলছেন, গাবতলী থেকে দৌলতদিয়া পর্যন্ত যাত্রাপথে তেমন কোনো ভোগান্তি বা বাড়তি ভাড়া দিতে হয়নি। এছাড়া ঘাটের নিরাপত্তা ব্যবস্থাও আগের তুলনায় ভালো বলে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সেবা দিতে ২০টি লঞ্চ চলাচল করছে এবং সবাই নির্বিঘ্নে পারাপার হতে পারছেন। অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, ঈদ উপলক্ষে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তার বিষয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় মোবাইল পেট্রল, ফিক্সড পেট্রল, চেকপোস্ট এবং সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নৌপুলিশও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে যাত্রীদের যাত্রা নিরাপদ থাকে।



