বাংলাদেশ

পরিবারহীন অনাথ শিশুদের সঙ্গে ডিসি জাহিদের ঈদ

পরিবারহীন অনাথ শিশুদের সঙ্গে ডিসি জাহিদের ঈদ

ঈদের সকাল মানেই আনন্দ আর নতুন পোশাকের উৎসব। কিন্তু চট্টগ্রামের সরকারি শিশু নিবাসের ১৭১ জন বিশেষ শিশু আর ‘উপলব্ধি’র ৮৪ জন অনাথ কন্যার কাছে ঈদ মানে ছিল দীর্ঘ এক নীরবতা। তবে এবারের ঈদটা ছিল একেবারেই ভিন্ন।

প্রটোকল আর দাপ্তরিক ব্যস্ততা পেছনে ফেলে, নিজের পরিবারকে সময় না দিয়ে এসব শিশুদের মাঝে হাজির হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিশুদের আনন্দ-টেবিলে ছিল ফল, মিষ্টি আর চকলেট।

শুধু খাবার নয়, নিজ হাতে শিশুদের মাঝে সালামি তুলে দেন তিনি। দীর্ঘ ২৮ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখেননি এখানকার কর্মীরা। হারিয়ে যাওয়া ১৬টি প্রাণ যেখানে নিজের শিকড় জানে না, সেখানে জেলা প্রশাসকের এই স্পর্শ যেন ছিল এক পরম নির্ভরতার নাম।

“ঈদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো। আজ এই শিশুদের সঙ্গে সময় কাটিয়ে আমি নতুনভাবে ঈদের আসল আনন্দ উপলব্ধি করতে পেরেছি।”

প্রশাসনের কঠিন নিয়মের বাইরে গিয়ে এক বেলার এই ভালোবাসা হয়তো সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে এই শিশুদের মনে। চট্টগ্রামের এই দিনটি লিখে গেল একজন কর্মকর্তা নয়, বরং একজন সত্যিকারের মানুষের গল্প।

সংশ্লিষ্ট খবর

Back to top button