বাংলাদেশ

সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বাসভবন বরাদ্দ আগামী ১০ এপ্রিলের মধ্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, “মোটামুটি সব সংসদ সদস্য আবাসন সুবিধা পাবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, স্পিকারদের আলাদা বাসভবনের ব্যবস্থা আছে। অন্যদের জন্য বাসভবনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় যেসব জিনিস কেনা দরকার, সেগুলো নিশ্চিত করার জন্য ১০ এপ্রিলের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে।” তিনি আরও জানান, ৩০ মার্চ আবার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, এই বাসভবন বরাদ্দের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে কাজ করছে। তিনি বলেন, “আমরা ধারণা করি এখানে রিয়েলি একটা স্যাবোটাজ হয়েছে। এছাড়া সাউন্ড সিস্টেমের সমস্যার সমাধানের জন্য বুয়েট থেকে এক্সপার্টদের আমন্ত্রণ জানিয়েছি।”

চিফ হুইপ হেডফোন সংক্রান্ত অভিযোগ নিয়েও বলেন, “হেডফোনে পার্লামেন্টের শব্দ ঠিকমত শোনা যাচ্ছে না। মাথা ও কান গরম হয়ে যায়। এটি পরিবর্তন করা হবে।”

তিনি আরও বলেন, তদন্ত কমিটি দুটি বিষয় দেখবে—কোনো স্যাবোটাজ হয়েছে কি না এবং সাউন্ড সিস্টেমের সমস্যার সমাধান কীভাবে করা যায়।

উল্লেখ্য, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অভিযোগ করেছিলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

গত ১২ মার্চ চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে ১১ সদস্যের সংসদ কমিটি গঠন করা হয়। কমিটির মূল কাজ সদস্যদের সুযোগ-সুবিধা এবং সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করা।

সংশ্লিষ্ট খবর

Back to top button