১৪ জেলেকে মুক্তি দিয়েছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী এলাকা থেকে অপহরণের চার দিন পর ১৪ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
গত মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে মুক্তিপ্রাপ্ত জেলেরা তিনটি ট্রলারসহ শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌকাঘাটে ফিরে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর।
মুক্তিপ্রাপ্ত জেলেদের মধ্যে রয়েছেন মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫), মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), আবু তাহের (৪০), আবদুল খালেক, জাবের মিয়া (২৪) ও রহিম উল্লাহ। তাঁদের সবার বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাংগরপাড়া এলাকায়।
এর আগে শনিবার সকালে মাছ ধরার সময় নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
ফিরে আসার পর স্বজনদের সঙ্গে দেখা হলে এলাকায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, অপহরণের সময় স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান জানান, জেলেদের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তবে মুক্তিপণ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় জেলে ও জনপ্রতিনিধিরা বলছেন, নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা বাড়ায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জীবিকার প্রয়োজনে নদীতে নামলেও তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যদিও অপহৃত জেলেরা ফিরে আসায় পরিবারগুলোতে স্বস্তি ফিরেছে, তবুও নাফ নদীতে জেলেদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



