বাংলাদেশ

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে প্রতি বছরের মতো এবারও সোলায়মান লেংটার মেলা শুরু হয়। তবে মেলাকে কেন্দ্র করে মাদক কেনাবেচা, সেবন এবং অশ্লীল নৃত্যের আসরের অভিযোগ উঠায় স্থানীয় প্রশাসন মেলার আয়োজন বন্ধ ঘোষণা করেছে।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, প্রশাসনের অনুমতি না থাকার কারণে সাত দিনব্যাপী এই মেলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকালে তিনি মেলা প্রাঙ্গণে মাইকে ঘোষণা করেন, মাগরিব নামাজের পর মেলা বন্ধ করা হবে।

মেলায় লক্ষাধিক মানুষ সমাগম করেন এবং কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নানা ধরণের কার্যক্রম চলে। মাজার এলাকায় ভক্তদের উপচে পড়া ভিড় থাকে, আর মাজারের পশ্চিম দিকে পুকুরপাড়ে, বাগানে ও বেড়িবাঁধ এলাকায় গাঁজা ও মদ বিক্রি ও সেবনের জমজমাট আসর বসে। মেলা বন্ধ ঘোষণা করলেও অনেক এলাকায় কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানায়, বদরপুর এলাকায় হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) বা ‘লেংটা বাবা’র মাজারে প্রতিবছর চৈত্র মাসের ১৭ তারিখে লেংটার মেলার আয়োজন করা হয়। অন্যান্য বছরে এই মেলায় ১৫ লাখের বেশি মানুষ সমাগম করতেন। এবছর মেলায় অন্তত দুই হাজার গাঁজার দোকান এবং অর্ধশতাধিক নারীর অশ্লীল নৃত্যের আসর বসেছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার প্রবীণরা অভিযোগ করেছেন, লেংটার মেলার নামে এখানে দিনে–রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসানো হচ্ছে, যা সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। মেলার দুই শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের কার্যক্রম চলছে। এতে কিশোর-তরুণরা বিপথগামী হচ্ছে এবং মেলার পরিবেশ নষ্ট হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button