মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ওই আসামিকে ছিনিয়ে নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলীর নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামের আমিনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেপ্তার করে। কিন্তু স্থানীয়রা পুলিশকে পিটিয়ে তাকে ছিনিয়ে নেয়। পিটুনিতে আহত হন কেশবপুর থানার এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০)। শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
শহিদুল ইসলাম বলেন, তিনি যখন আসামিকে ধরে রাখার চেষ্টা করেন, তখন তাকে বুকে আঘাত করা হয় এবং তার হাতের একটি আঙুল ভেঙে দেওয়া হয়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের পর মসজিদে মাইকিং করে মিথ্যা তথ্য প্রচার করা হয়; বলা হয়, ওই আসামিকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এ খবর শুনে এলাকাবাসী একত্র হয়ে সেই আসামিকে ছিনিয়ে নেয়। জাহাঙ্গীর হোসেন তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএ



