
পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত ইমরান হোসেন সোহাগ সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের উপজেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকার বাজারে অবস্থান করছিলেন সোহাগ। এ সময় মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত এসে তার ওপর হামলা চালায়। জীবন বাঁচাতে সোহাগ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে তাড়া করে ধরে ফেলে এবং খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।



