বাংলাদেশঅপরাধ

যশোরের চৌগাছায় নারীসহ ১৩ জন পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের চৌগাছায় নারীসহ ১৩ জন পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে চৌগাছা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একাধিক এলাকায় পুলিশের কয়েকটি টিম একযোগে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই অভিজিৎ সিংহ রায়, এসআই আব্দুস ছাত্তার, এসআই ইমরান হোসেন রাজু ও এসআই উত্তম কুমার মন্ডল। গ্রেফতারকৃতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং তারা দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালানো হয়েছে। এতে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে আটক করতে সক্ষম হয় আমাদের টিম। আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button