ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জামাল মিয়ার বসতঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় আগুন পাশের খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দুটি বসতঘরের সম্পূর্ণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, কাপড়চোপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। আগুনের ঘটনায় দুই পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
এলাকাবাসী আরও জানান, আগুন লাগার সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে সহযোগিতা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।



