বাংলাদেশ

হাতির পিঠে চড়ে বরযাত্রা, কনে আসে ঘোড়ার গাড়িতে

জয়পুরহাটে এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল আয়োজনে কনে-পক্ষের ইচ্ছা পূরণে অনুষ্ঠিত হলো এক অনন্য বিয়ের আয়োজন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়। কনের বাবা দুলাল হোসেনের ইচ্ছা ছিল, মেয়ের জামাই হাতির পিঠে চড়ে বিয়েতে আসবে এবং বিয়ের পর মেয়ে ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ি যাবে—সেই ইচ্ছাই বাস্তবে রূপ নেয়।

জানা গেছে, সদর উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ফারহান ফয়সাল (২৮) এবং একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামের ফারহানা আক্তারের (২৬) মধ্যে এ বিয়ে সম্পন্ন হয়।

বর ফারহান ফয়সাল প্রায় ১৪ কিলোমিটার পথ হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়িতে পৌঁছান। এ দৃশ্য দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান স্থানীয়রা। পরে আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর কনের ইচ্ছা অনুযায়ী ফারহানা আক্তার ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন, আর বর হাতির পিঠে করেই ফিরে যান।

বর ফারহান ফয়সাল বলেন, হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসার স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আনন্দিত। কনে ফারহানা আক্তারও জানান, এমন ব্যতিক্রমী বিয়ে তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

বরের বাবা ফজলুর রহমান জানান, এ আয়োজন করতে প্রায় অর্ধলক্ষ টাকা খরচ হলেও পুরো পরিবার আনন্দে অংশ নিয়েছে। কনের বাবা দুলাল হোসেন বলেন, মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন করেছেন এবং তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button