
ভোলার তজুমদ্দিনে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিয়ের দাবিতে এক কলেজছাত্রীর আমরণ অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনশনে বসা ছাত্রীর নাম লাভনী (২০)। তিনি উপজেলার মোল্লা বাড়ির বাসিন্দা এবং তজুমদ্দিন মহিলা কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মহিউদ্দিন ও মা নাছিমা।
অভিযুক্ত তামিম (২০) চাঁদপুর ইউনিয়নের গোসের হাওলা গ্রামের বাসিন্দা এবং তজুমদ্দিন সরকারি কলেজের একই বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ে নিয়ে মতবিরোধ দেখা দিলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে লাভনী তামিমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে যায়।
তজুমদ্দিন থানার ওসি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উভয় পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
স্থানীয়দের মতে, সম্প্রতি এ ধরনের প্রেমঘটিত অনশন বেড়ে যাওয়ায় সামাজিক উদ্বেগ তৈরি হয়েছে।



