ভারত থেকে এলো ১১৬ টন গম

ভারত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় প্রায় ৩ বছর ৬ মাস ১৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আবারও গম আমদানি শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩টি ট্রাকে মোট ১১৬ টন গম বাংলাদেশে প্রবেশ করে। আমদানি করে মিফা ইন্টারন্যাশনাল এবং রপ্তানি করে ভারতের ইজান ট্রেডার্স।
এর আগে অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল।
আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর পরীক্ষামূলকভাবে তিনটি ট্রাক গম আমদানি করা হলো।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, গম পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদন সনদ দেওয়া হবে এবং এরপর আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস করা যাবে। প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই আমদানির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশে গম সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।



