ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত, উৎপত্তিস্থল কোথায়?

রোববার (১২ এপ্রিল) সকালে সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল শিলচর হওয়ায় এর কম্পন বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুভূত হয়।
এর আগে ৭ তারিখেও শিলচর এলাকায় ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যা সিলেট অঞ্চলে টের পাওয়া যায়।
তবে আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হঠাৎ কম্পনে সীমান্ত এলাকার মানুষদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছিল।



