বাংলাদেশ

বগুড়াতে আছে দেশের সবচাইতে বড় তেলের খনি!

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও স্পষ্ট। দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে হচ্ছে—এমন দৃশ্য এখন প্রায় নিয়মিত। এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর দাবি—বগুড়ার গাবতলীতে নাকি দেশের সবচেয়ে বড় জ্বালানি খনি রয়েছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

তবে বাস্তব তথ্য বলছে ভিন্ন কথা। আশির দশকে পেট্রোবাংলা-এর অধীন বাপেক্স গাবতলীর কলাকোপা তল্লাতলা এলাকায় খনিজ সম্পদের সন্ধানে অনুসন্ধান চালায়। ১৯৮৪ সালে শুরু হওয়া এই কার্যক্রম প্রায় দুই বছর চলার পর ১৯৮৭ সালে তা বন্ধ করে দেওয়া হয় এবং খননকৃত স্থানটি সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

অনেক বছর পর ২০১৪-১৫ অর্থবছরে আবারও সেখানে অনুসন্ধান শুরু হয়। প্রায় ৭৫ মিটার গভীর পর্যন্ত খনন কাজ চললেও ২০১৬ সালের মার্চ পর্যন্ত কোনো জ্বালানি সম্পদের অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে নতুন করে যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হতে পারে। প্রথম দফায় প্রায় ২৭ বিঘা জমি জুড়ে অনুসন্ধান চালানো হয়েছিল, আর দ্বিতীয় দফায় এতে অংশ নেন প্রায় ৪০০ জন কর্মকর্তা-কর্মচারী। তবুও এখন পর্যন্ত মেলেনি কোনো নিশ্চিত জ্বালানি সম্পদের সন্ধান।

সব মিলিয়ে, গাবতলীকে ঘিরে ভাইরাল হওয়া “বড় জ্বালানি খনি”র দাবি বাস্তবসম্মত নয়। তবে স্থানীয়দের প্রত্যাশা—আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবারও অনুসন্ধান চালানো হোক, যাতে সম্ভাবনা থাকলে তা নিশ্চিতভাবে জানা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button